চেকপোস্ট, টহল ও তল্লাশিতে কড়াকড়ি বাড়ালো ডিএমপি

রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ করতে ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল এবং শহরের প্রবেশপথগুলোতে পুলিশের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের কাগজলিপত্র যাচাই করা হচ্ছে। এছাড়া সন্দেহজনক গতিবিধি ও চলাচলের ওপরও সতর্ক দৃষ্টি রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনই এই বিশেষ পদক্ষেপের মূল লক্ষ্য। শুধু সাধারণ মানুষের জানমাল সুরক্ষা নয়, বরং রাজধানীর সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর সার্বিক নিরাপত্তা রক্ষায় ডিএমপির এই সতর্ক ও দায়িত্বশীল তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।