রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার, রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন ওই বাসস্ট্যান্ডের পাকা সড়কে এই নাশকতার ঘটনা ঘটে। তবে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১৩-০৬৬৫ নম্বরের রাজধানী পরিবহনের বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই বাসটির ভেতরের সব আসন পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।