'আলো আসবেই' গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

রাতেই ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপের কথা বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকারপন্থী শোবিজ তারকাদের নিয়ে গঠিত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হলে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা গণ-আন্দোলন দমনে সরকারের পক্ষে বিভিন্ন অপপ্রচার ও নীলনকশা বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

এমনকি আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো অমানবিক ও নির্মম পরামর্শও এসেছিল ওই গ্রুপের অভ্যন্তরীণ আলোচনায়।

জ্যোতিকা জ্যোতি ওই বিতর্কিত গ্রুপের একজন অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সব মামলার সূত্র ধরেই মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে।