কাঁঠালবাগানে আগুনে দগ্ধ পাঁচজনের চারজনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে এক বছর ছয় মাস বয়সী একটি শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে আরএস রহমান (এক বছর ৬ মাস) ৫৭ শতাংশ, সাবা (৩০) ১০০ শতাংশ, আবদুর রহমান (২৯) ছয় শতাংশ, সানজিদা (২০) ৩৭ শতাংশ এবং সামসুন নাহার (৫০) ৪০ শতাংশ দগ্ধ হয়েছেন।

আহতদের মধ্যে আবদুর রহমান, সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচজনের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বিশেষ করে সাবার শরীরের শতভাগ পুড়ে গেছে। শিশুটিও ৫৭ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।