ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪

রাজধানীজুড়ে অভিযান চালিয়ে একদিনে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ওই ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগের ১০৩ জন ছাড়াও তেজগাঁও বিভাগের ৬৩ জন, উত্তরা বিভাগের ৫৩ জন, ওয়ারী বিভাগের ৫২ জন, লালবাগ বিভাগের ৫০ জন, গুলশান বিভাগের ৪৮ জন, মতিঝিল বিভাগের ৪৭ জন ও রমনা বিভাগের ৪০ জন রয়েছে। সেই সঙ্গে পৃথক অভিযানে গোয়েন্দা বিভাগ কর্তৃক আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে ২টি হাত বোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, একটি রাম দা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, ৫ বোতল দেশীয় মদ ছাড়াও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।