রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সাবা (২৭)।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সাততলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এতে এক শিশুসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন আরএস রহমান (এক বছর ছয় মাস), সাবা (২৭), আবদুর রহমান (৩০), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। তাদের মধ্যে আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ, সাবার ১০০ শতাংশ, আবদুর রহমানের ছয় শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে যায়। আবদুর রহমান, সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।