ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৯০০ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৯০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে, বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও তিনটি মোটরসাইকেলসহ মোট ৪৬টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে একটি বাস, পাঁচটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, একটি সিএনজি ও ছয়টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে তিনটি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ ৪৯টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে পাঁচটি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে দুইটি বাস, একটি ট্রাক, ১৬টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ ৪৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ছয়টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ ৮৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে একটি বাস, দুইটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ ৯৮টি মামলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।