কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিপণ্য রপ্তানি এবং এগ্রিটেকের বিকাশ ঘটাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘স্ট্রেংদেনিং বিএইউ-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ফর রিসার্চ এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন’ শীর্ষক কর্মশালা এবং দেশের শীর্ষ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক ড. মামুন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক খাদ্য চাহিদার প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বরাদ্দ বাড়ানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার ফলাফল যেন মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগে এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে নিরাপদ খাদ্য উৎপাদন, আন্তর্জাতিক মান বজায় রাখা, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিপণ্যের ভ্যালু চেইন উন্নয়নের ওপর জোর দেন ইউজিসি সদস্য।
প্রযুক্তিনির্ভর কৃষির সম্ভাবনা তুলে ধরে ড. মামুন উল্লেখ করেন, বিশ্বজুড়ে এআই, ইন্টারনেট অব থিংস (আইওটি), সেন্সর প্রযুক্তি, ড্রোন, রোবটিকস এবং প্রিসিশন ফার্মিংয়ের ব্যবহার বাড়ছে; যার মাধ্যমে জমির অবস্থা পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই শনাক্তকরণ এবং সেচ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশে এই সম্ভাবনা কাজে লাগাতে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ এবং কৃষিভিত্তিক স্টার্টআপ গড়ে তোলার তাগিদ দেন তিনি।
বর্তমান সরকারের কৃষককেন্দ্রিক উদ্যোগের কথা উল্লেখ করে ইউজিসি সদস্য বলেন, কৃষক কার্ড কর্মসূচি, কৃষিঋণ মওকুফ, সার ও উপকরণে সহায়তা, খাল খনন ও পুনঃখনন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষির যান্ত্রিকীকরণ উৎপাদন ও কৃষকের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। হিমাগার ও কোল্ড চেইন অবকাঠামো এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলে কৃষককে কেবল উৎপাদক নয়, বরং একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের ৯টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাকৃবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল হাশেম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক-২ অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বাকৃবির ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নিয়ে গবেষণার বাণিজ্যিকীকরণ ও কৃষি উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।