রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেট মানের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী দুই নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। তাদের মধ্যে সৌরভের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়, জাকিরুলের নোয়াখালীর সুধারাম উপজেলায় এবং শাওনের কুমিল্লার বরুড়া উপজেলায়।
এপিবিএন সূত্র জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে নিয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়, যার মোট ওজন সাত কেজি ৫০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা বাংলাদেশে এনে জাকিরুল, শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় পাচার করতেন। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।