রাজধানীর লালবাগে ‘কাচ্চি খানাস’ নামের একটি রেস্তোরাঁয় গ্যাসের লাইন মেরামতের সময় আগুন লেগে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন নয়ন (২৪), জনি (১৮), নিরব (২৪), নয়ন (২৬), রবিন (২৫) ও পলাশ (৪০)। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
দগ্ধ ব্যক্তিদের সহকর্মী শাকিল জানান, রাতে রেস্তোরাঁর গ্যাসের লাইনে মেরামতের কাজ চলছিলো। এ সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশে থাকা ওই ছয় কর্মচারী দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ ছয়জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।