ঢাকায় ব্যাটারিচালিত রিকশার এলাকা ভাগ করে দেয়ার পরিকল্পনা

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য এলাকা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক। তারা বলেছেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় চলতে পারবে না এবং কোন এলাকায় কতটি রিকশা চলবে, তা জনসংখ্যার অনুপাতে নির্ধারিত হবে; পাশাপাশি প্রতিটি রিকশা নিবন্ধিত হতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনায় তারা এসব কথা বলেন।

Battaary Ricksha 02
অনিয়ন্ত্রিত চলাচল, যানজট ও সড়ক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা-২০২৬’ প্রণয়ন করে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। তবে চালকের লাইসেন্স ও নিবন্ধনের শর্তসহ বিভিন্ন বিষয়ে অংশীজনেরা উদ্বেগ জানিয়ে আসছেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিআইজিডির অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত ঢাকার ৩০০ জন ও বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন চালকের ওপর পরিচালিত ওই জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য:

  • কাগজপত্র ও হয়রানি: জরিপে অংশ নেওয়া ৯৫ দশমিক ৬ শতাংশ চালকের কোনো বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র নেই। আইনি স্বীকৃতি না থাকায় দুই-তৃতীয়াংশ চালক নিয়মিত জরিমানা, চাঁদা ও হয়রানির শিকার হন।
  • আর্থিক ভঙ্গুরতা: ৭৮ দশমিক ২ শতাংশ চালক ভাড়ায় রিকশা চালান, যাঁদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ রিকশার ভাড়ায় চলে যায়। কোনো কারণে আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় চালাতে পারবেন না।
  • ঢাকামুখী প্রবণতা ও দুর্ঘটনা: ঢাকার চালকদের ৭৮ শতাংশই অন্য জেলা থেকে এসেছেন, যাঁদের ৮৪ শতাংশের আসার মূল কারণ গ্রামে কাজের অভাব। এ ছাড়া জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

DSCC Admin
গবেষণায় দেখা গেছে, রিকশা ভাড়া, চার্জিং, মেরামত ও ঋণের জন্য চালকেরা গ্যারেজের ওপর নির্ভরশীল হলেও অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছে। গবেষণায় যানবাহনের নিরাপত্তামান ও চলাচলের এলাকা নির্ধারণের পাশাপাশি নিবন্ধন, বীমা ও ব্যাটারির মানোন্নয়ন ব্যয় চালক-মালিকদের সামর্থ্যের মধ্যে রাখা এবং বিদ্যমান গ্যারেজগুলোকে প্রণোদনার মাধ্যমে নতুন ব্যবস্থায় যুক্ত করার সুপারিশ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ কিংবা জলাবদ্ধতা নগরের সমস্যাগুলো একে অপরের সঙ্গে যুক্ত। নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের অধিকারের পাশাপাশি রিকশাচালকদেরও বেঁচে থাকার অধিকার আছে; তবে সবাই ঢাকামুখী হলে নাগরিক সুবিধা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। তাই শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় সমন্বিত পরিকল্পনা নিতে হবে।

DNCC Admin
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানান, তাঁরা চালকদের জীবন-জীবিকার বিপক্ষে নন; বরং নিয়মের মধ্যে এনে জবাবদিহি নিশ্চিত করতে এবং অবৈধ অবস্থা থেকে বৈধতার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, আইনি স্বীকৃতি না থাকায় অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা প্রতিদিন ‘অদৃশ্য কর’ হিসেবে চাঁদা ও জরিমানা দিচ্ছেন, যা রাষ্ট্রীয় কোষাগারের বদলে সুবিধাভোগী চক্রের পকেটে যাচ্ছে। হঠাৎ রিকশা বন্ধ না করে চালকদের বাস্তবতা বিবেচনায় তিন থেকে চার বছরের একটি ‘ন্যায্য রূপান্তর’ (জাস্ট ট্রানজিশন) পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দেন তিনি।

পাশাপাশি শহরের শৃঙ্খলা, চালকদের জীবিকা ও গ্রামীণ অর্থনীতি, এই তিন বিষয় মাথায় রেখে সড়ক পরিবহন, স্থানীয় সরকার, বিদ্যুৎ, পরিবেশ, শ্রম ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি। বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, পথচারী ও চালক, উভয়েই দেশের নাগরিক এবং যেকোনো দুর্ঘটনা বা হয়রানি চালকদের পুনরায় দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে।

autorickshaw
ব্র্যাকের পরিচালক শাশ্বতী বিপ্লবের স্বাগত বক্তব্য এবং পরিচালক নাফিউল হাসানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বুয়েটের এআরআইয়ের সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আলম, রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারাজ রহিম, সাংবাদিক শাহিন আখতার এবং ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।