বিদেশ থেকে ফোনে ফোনেই অপরাধ জগত নিয়ন্ত্রণ!

বিদেশি পিস্তল, গুলি, বিপুল দেশীয় অস্ত্র ও মাদকসহ রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় সক্রিয় কথিত ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এর আগে এই গ্রুপের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হলেও, থামেনি তাদের অপরাধ। এসআরবি বলছে, বিদেশে অবস্থান করেই ফোনের মাধ্যমে মিরপুরের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছে গ্রুপটির শীর্ষ সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শেখ ওসমান গনি সোহাগ (৩৫), রনি ব্যাপারী (৩৫), রনি (২৬), হাসিব (২৭), ইমন মোল্লা (২৫) এবং সৌরভ বেপারী (১৯)।
Mirpur 4 Star 02

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর আলাদা দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রথম অভিযানে ২৩ নভেম্বর বিকেলে পল্লবীর ১২ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে ফোর স্টার গ্রুপের মশিউর অংশের অস্ত্রধারী সদস্য শেখ ওসমান গনি সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে সোহাগকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালায় এসআরবি-৪। লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সোহাগের তথ্য অনুযায়ী গ্রুপটির একটি ডাকাত দল রূপনগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

অভিযান টের পেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় অভিযান থেকে একটি খেলনা পিস্তল, দুটি সামুরাই তলোয়ার, ১২টি রামদা, চাপাতি ও ছুরি, ৩০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

Mirpur 4 Star 03
এসআরবি জানিয়েছে, ফোর স্টার গ্রুপ একক কোনো গ্যাং নয়; বরং কয়েকটি উপদলের সমন্বয়ে গঠিত এই নেটওয়ার্কের প্রভাব রয়েছে বৃহত্তর মিরপুরের বিভিন্ন এলাকায়। চাঁদাবাজি, জমি ও ফ্ল্যাট দখল, ফুটপাত ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গত দেড় মাসে এই চক্রের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা মশিউর অংশের ছত্রচ্ছায়ায় অপরাধ চালানোর পাশাপাশি পল্লবী, মিরপুর, শাহ আলী ও কাফরুলসহ আশপাশের এলাকায় খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখাতে পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন।

আধিপত্য বিস্তার ও আতঙ্ক ছড়াতে তাঁরা মহড়ার ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দিতেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বহু মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রুপটির শীর্ষ সন্ত্রাসীদের কয়েকজন বিদেশে অবস্থান করেই ফোনের মাধ্যমে মিরপুরের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছেন; ফলে মাঠপর্যায়ের সদস্য গ্রেপ্তার হলেও পুরো নেটওয়ার্ক ভাঙা চ্যালেঞ্জিং হয়ে উঠছে। গ্রেপ্তার ছয়জনকে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।