রায়েরবাগে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত তিন

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় অটোরিকশাচালক মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন আরোহী আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল ৯টা ৩৫ মিনিটে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন মো. বশির (৩৩), কাতারগামী কাওসার হোসেন রুবেল (৩১) ও আলামিন (৩০)।

হাসপাতালে আহত বশিরকে নিয়ে আসা তার স্ত্রী জানান, বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা ছিল। এ জন্য তারা দুজন সনিরআখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে মূল সড়কে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় ওঠেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। তাদের সঙ্গে তার স্বামী বশিরও বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, অটোরিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি বাস সেটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং সবাই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

আহত কাতারগামী রুবেল ও আলামিনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। নিহত মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।