রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘ডিএল নেটওয়ার্ক সার্ভিস’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও একটি গুলি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লেগেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে এই ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের কার্যালয়ে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে লাগে। এ ঘটনায় কার্যালয়ের কেউ হতাহত হননি।
কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায়ও হাতিরঝিল থানার ওয়াপদা রোডে ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি’ নামের আরেকটি প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছিলেন।