বাগেরহাটের মোংলা উপজেলায় একটি স্কুলে পোশাকের সঙ্গে মিল রেখে জুতা না পরায় প্রায় শতাধিক শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মোংলার সেন্ট পলস হাই স্কুলে এমন ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকরা। বলেছেন, এমন পদক্ষেপ সরকারি নির্দেশনার বরখেলাপ।
এদিন সকাল ৯টায় স্কুলের ক্লাস রুমে প্রবেশ করে শিক্ষকরা সব শিক্ষার্থীর পোশাক ও জুতা চেক করেন। এ সময় সবার গায়ে স্কুল ড্রেস থাকলেও অনেক ছাত্রের পায়ে জুতা ছিলো বিভিন্ন রঙয়ের।
এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষকরা ড্রেসের সঙ্গে মিল না থাকা ওই সব শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দেন। এমনকি বৃষ্টির মধ্যেও তাদের স্কুল বাউন্ডারি ছাড়া করা হয়।
অনেক শিক্ষার্থী স্কুল প্রাঙ্গণ ছেড়ে বাড়ি ফিরে গেলেও, অনেককেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন প্রশাসনের কর্মকর্তারা।
আরও পড়ুন: সব ষড়যন্ত্র প্রতিহত করেই এগিয়ে যেতে হবে: তাজুল
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার উল কাদির ছাত্র-ছাত্রীদের ক্লাস ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
পরে যেসব শিক্ষার্থী উপস্থিত ছিলো তাদের ক্লাস রুমে ফিরে নেওয়া হয়। তবে এই ঘটনা ক্ষোভের সৃষ্টি করে অভিভাবকদের মধ্যে।
তারা বলেন, প্রায় দুই বছর বন্ধের পর স্কুল খোলার আগে অনেকেই স্কুল ড্রেসের সাথে মিল রেখে জুতা যোগাড় করতে পারেননি। এ জন্যে তারা স্কুল কর্তৃপক্ষের কাছে কিছু দিন সময় চেয়েছিলেন।
কিন্তু সেই সময় না দিয়ে এমন ধরনের আচরণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। ঘটনাটি নিয়ে স্কুলটির প্রধান শিক্ষক জয়ন্ত এন্ড্রু কস্তা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।