লঘুচাপে জনজীবন বিপর্যস্ত, ব্যাহত বন্দরের কার্যক্রম

মোংলায় দুইদিনের বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একইসাথে বন্দরে পণ্য ওঠানামার কাজ হচ্ছে ব্যাহত। 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। এদিকে গত দুইদিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে থমকে গেছে মানুষের স্বাভাবিক ও দৈনন্দিন কর্মকাণ্ড। মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠা-নামা ও পরিবহণের কাজ। 

পাশাপাশি পৌর শহরের নিচু এলাকার রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ও খালের পাশের চিংড়ি ঘেরগুলো থেকে বৃষ্টির পানি নেমে গেলেও ভিতরের ছোট ছোট ঘের ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। 


মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, টানা বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য ওঠানামার কাজ বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার এ বন্দরে কয়লা, সার, ক্লিংকার ও কন্টেইনারসহ বিভিন্ন পণ্যবাহী ১৬টি বিদেশী জাহাজের অবস্থান রয়েছে। আর বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে সারের জাহাজের কাজ। 

লঘুচাপের প্রভাবে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়, যা মঙ্গলবারও একটানা চলেছে। একইসাথে বঙ্গোপসাগরে লঘুচাপ ও বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা পূর্ব সুন্দরবনের দুবলা, কচিখালী, সুপতি, শ্যালা ও নারকেলবাড়িয়ার বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বনবিভাগ। 


একাত্তর/আরএইচ