ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৃদ্ধকে বেঁধে পেটানোর অভিযোগ

ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলার পাঁচ নং গাজির ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গুরুতর আহত দুলাল মিয়াকে চিকিৎসার জন্য হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুলাল মিয়ার পরিবারের পক্ষ থেকে হালুয়াঘাট থানা একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের মুজাখালি গ্রামের দুলাল মিয়ার (৫৫) ক্ষেতের জমি থেকে মাটি নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। এতে দুলাল মিয়া বাঁধা দেয়ার এক পর্যায়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। পরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন ও গ্রাম পুলিশের সহায়তায় দুলালকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করেন। আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন।

বৃদ্ধ দুলাল মিয়াকে আঘাত করার বিষয়টি স্বীকার করে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, "বালিচান্দা গ্রামের রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সরকারী কাজে বাঁধা দেয়ার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলে। পরে গ্রাম পুলিশ তাকে ধরে আমার নিজ গাড়িতে তুলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে তাকে রশি দিয়ে বেঁধে ফেলে।"

আরও পড়ুন: টাকার জন্য কেয়ারটেকারের হাতে বাড়িওয়ালা খুন

তবে, বেধড়ক পেটানোর কথা অস্বীকার করে ভয় দেখানোর জন্য লাঠি দিয়ে কয়েকটা আঘাত করার কথা জানান তিনি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান জানান, তিনি কৃষক দুলাল মিয়াকে নির্যাতনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগ পেয়ে রাতেই তিনি হাসপাতালে দুলাল মিয়াকে দেখতে গেছেন। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।


একাত্তর/এসজে