মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার (২ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাইঞ্চারপাড় (জোড়ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী উপজেলার সাতপোয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে ও প্রিপারেটরি স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাহিমুল ইসলাম জয় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-ডোয়াইল-ধনবাড়ি সড়কের সাইঞ্চারপাড় (জোড়ব্রিজ) এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঐ শিক্ষার্থী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাহমিদা জামান তিথী তাকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন শিশু নুসরাত

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ