কাপ্তাইয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নেথোয়াই মারমা (৬০) নামের আওয়ামী লীগের চিৎমরম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৬ অক্টোবর) মধ্যরাত সাড়ে ১২টার পরে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের এবারের ইউপি নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে, রোববার দুপুরে নিহত নেথোয়াই মারমার লাশ রাঙ্গামাটি হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এ সময় রাঙ্গামাটি সদর হাসপাতালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা ভিড় জমায়।

আরও পড়ুন: কুমিল্লায় বাসের ধাক্কায় সিএন‌জি আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু

এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা ও অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দ্রঘোনা থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে দুপুরে রাঙ্গামাটি হাসপাতাল মর্গে আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের পর নেথোয়াই মারমার লাশ তার ছেলের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে