রাস্তার কাজ শেষ না করেই টাকা তুলে নেয়ার অভিযোগ

গোপালগঞ্জের কোটালিপাড়ায় দুটি রাস্তার কাজ শেষ না করেই প্রকল্পের বিলের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা বলেন, অনিয়ম নিয়ে কথা বললেই হুমকি দেওয়া হয়।

বিষয়টির সত্যতা যাচাইয়ে ওই এলাকায় গেলে উপজেলা চেয়ারম্যানের তোপের মুখে পড়েন একাত্তরের প্রতিনিধি। ঘটনা জানার পর তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

গোপালগঞ্জে খুব কাছাকাছি সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় দুটি প্রকল্প বাস্তবায়ন করছে। এর একটি কোটালিপাড়ার পুর্নবতি এলাকায় একটি মাটির রাস্তা তৈরি। অন্যটি পূর্ণবর্তি বিলের ভেতর দিয়ে খাল খনন করে সংযোগ রাস্তা নির্মাণ। 

কিন্তু এলাকাবাসীর অভিযোগ কোন কাজ না করেই তুলে নেয়া হয়েছে প্রকল্পের বিলের টাকা। 

সরেজমিনে পুর্নবতি এলাকায় গিয়েও দেখা যায় রাস্তার কাজ হয়েছে নাম মাত্র। রাস্তার জন্যে বাইরে থেকে মাটি আনার কথা থাকলেও, রাস্তার পাশের খাল থেকেই মাটি কাটা হয়েছে।

এলাকাবাসীর আরো অভিযোগ, কাজ নিয়ে কেউ কথা বললেই ঠিকাদারের হুমকির মুখে পড়তে হচ্ছে তাদেরকে। 

ঘটনাস্থল ঘুরে এসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমানের কাছে এসব অনিয়ম নিয়ে জানতে চাইলে তিনি ডেকে আনেন কোটালিপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসকে। তিনি একাত্তর টিভির প্রতিনিধিকে প্রতিবেদন না করার নির্দেশ দেন। 

আরও পড়ুন: কুমিল্লায় হামলার তদন্তে আরো দুদিন সময় নিলো কমিটি

এমন ঘটনা জানার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন। 

প্রকল্প দু'টির মেয়াদ আগেই শেষ হয়ে গেলেও কাজ এখনো অনেক বাকি। দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে অর্ধকোটিরও বেশি টাকা। দুই ঠিকাদারের কেউই এনিয়ে কথা বলতে চাননি।