জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষে আহত ১০

মুন্সীগঞ্জের মেঘনা নদীর চরঝাপটা অংশে নৌ-পুলিশের সাথে জেলেদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন।

নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, বৃহস্পতিবার সকালে চরঝাপটা এলাকার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরছিলো জেলেরা।

সে সময় তাদের বাধা দিলে পুলিশের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালায় জেলেরা। পরে পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তিনি আরো জানান, আহতদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণের পরে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষের ঘটনায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাম, এএসআই ফয়সাল, এসআই শাহ আলম, কনস্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীসহ কমপক্ষে ১০ জন আহত হন।

আহত পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।


একাত্তর/টিএ