আন্দোলনে অটল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগে শিক্ষিকা ফারহানার ইয়াসমীন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনে অটল রয়েছেন। 

তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর, শুক্রবার ঢাকায় সিন্ডিকেট কমিটির সভায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া ক্ষুব্ধ হন তারা।

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মুখে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলো কর্তৃপক্ষ। 

কিন্তু কমিটির সাথে কথা না বলায় শিক্ষক ফারহানা ইয়াসমীনের সাক্ষ্য ছাড়াই বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।

পরের দিন শুক্রবার তদন্ত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তোলা হলেও, শিক্ষক ফারহানার বিরুদ্ধে কোন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি। 

এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবরোধের আগে শিক্ষার্থীর মধ্য থেকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শামিম হোসেন একাডেমিক ভবনের চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। 

আরও পড়ুন: রবি শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

শিক্ষার্থীদের কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর আবার তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ ৩৫ জন।

আলোচনা ফলপ্রসূ না হওয়ায় প্রশাসনিক ভবনের মূল ফটকে তালাবদ্ধ করে বাইরে অবস্থান করে শিক্ষার্থীরা। এক সময় শিক্ষকরা বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।  

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ক্যাম্পাসে আসে। পরে রাত আড়াইটার দিকে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরুদ্ধ রেজিস্ট্রার ও শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেন।

ভোর রাতে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা খুলে দেওয়ার পর নিজ নিজ বাসায় চলে যান শিক্ষক-কর্মকর্তারা।

সোমবার সকাল হতেই আবারো ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষক ফারহানাকে বাঁচানোর চেষ্টা করছে একটি মহল। 

আন্দোলন চলার সময় শামীম নামে ২য় বর্ষের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক। 

গত ২৬শে সেপ্টেম্বর থেকেই ১৪ জনের চুল কেটে দেয়া ঘটনায় শিক্ষক ফারহানা ইয়াসমীন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



একাত্তর/এসজে