পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু

নওগাঁয় শহরের আরজি-নওগাঁ মহল্লায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ একই সাথে চার শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে আরজি নওগাঁর নামা শেরপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃত চার শিশু হলো, ওই এলাকার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০), ছেলে ফরহাদ (৬), সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (১০)।

স্থানীয় লোকজন বলেছেন, দুপুরে তাদের বাড়ির পাশে ৬ শিশু কাদা-মাটি নিয়ে খেলছিল। পরে ৪ শিশু পুকুরে নেমে হাত-পা ও শরীর পরিস্কার করতে নেমে একে একে ৪ জনই ডুবে যায় পানিতে। স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত পুকুরে অনেক খোঁজার পর এক পর্যায়ে ওই চার শিশুর মরদেহ উদ্ধার করে তারা। পরে তাদেরকে নওগাঁ সদর হাসাপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

একাত্তর/ এনএ