উখিয়ায় অস্ত্র কারখানার খোঁজ, তিনজন আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা। এ সময় অস্ত্র কারখানা থেকে তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে কুতুপালং এলাকায় পলিয়াপাড়া পাহাড়ে অভিযানের সময় ওই অস্ত্র কারখানার সন্ধান পায় র‍্যাব। 

আটককৃত অস্ত্র কারিগররা হলেন, কুতুপালং সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুন (২৪)।

এ সময় ক্যাম্পের এক্সটেনশন ফোরে অভিযান চালিয়ে কারখানা থেকে ১০টি দেশিয় অস্ত্র, অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।  

র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল খায়েরুল ইসলাম জানান, খবর ছিল দীর্ঘদিন ধরে একটি চক্র এ ক্যাম্পের গহীন বনে কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। আর এই কারখানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবারহ করা হচ্ছিল।

এমন তথ্যের উপর ভিত্তি করে সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উখিয়ৈর কুতুপালং ক্যাম্পের এক্সটেনশন ফোরে গহীন পাহাডে অভিযান চালায় র‍্যাব। 

আরও পড়ুন: মেহেরপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত দুই

পরে গোয়েন্দা তথ্য অনুযায়ী কারখানাটি শনাক্ত করে সেখানে অভিযান চালাতেই র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায় আটককৃতরা।  

চার ঘন্টার বেশী সময় গুলি বিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সেখান থেকে জব্দ করা হয় ১০টি অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। আটক করা হয় তিনজন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে। 

র‍্যাবের অধিনায়ক আরও জানান, ক্যাম্পের সব সন্ত্রাসী ও অস্ত্রকারখানার সন্ধ্যানে কাজ করছেন তারা।



একাত্তর/আরবিএস