কালকিনিতে সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে সংঘর্ষের এই ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে কিছু সময় পরে পুনরায় ভোটগ্রহণ চলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই সময়ে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সর্দার ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান সেলিম আসলে উত্তেজনা সৃষ্টি হয়। 

পরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন অন্তত শতাধিক ককটেল জাতীয় হাতবোমা বিস্ফোরণ করে ভোটরদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ও স্টাইকিং র্ফোস, র‌্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: ঢাকা-প্যারিস তিন চুক্তি সই

এ সময় সকাল ১০টা থেকে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাময়িক ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে পরিস্থিতি বিবেচনা করে ভোট নেয়া হবে। সাহেবরামপুর ছাড়াও আরো ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। 


একাত্তর/আরএইচ