রাজধানীর শেষ প্রান্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঝুঁকিপূর্ণ টঙ্গী সেতুতে গর্ত সৃষ্টি হয়ে অতি ঝুঁকিপূর্ণ হাওয়ায় সেতুর উপর দিয়ে ঢাকামুখী বাসসহ ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
একারণে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে এই সড়কের যানবাহন বিকল্প পথে কামারপাড়া সড়ক দিয়ে চলাচল করছে। ফলে এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুরের দিক থেকে ঢাকায় আসতে অধিক সময় লাগছে, ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের।
যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকে ঢাকামুখী যানবাহনের প্রচণ্ড চাপ তৈরি হয়েছে মহাসড়কে। তবে ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা গাজীপুরগামী যানবাহন আগের মতই বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছে।
বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং নদীর উপর আরেকটি ব্রিজ নির্মীয়মাণ থাকায় ওই সড়কে এমনিতেই যানজট লেগেই থাকে। সেতুতে গর্তের কারণে সকাল থেকে অবস্থা আরো নাজুক হয়ে পড়ে।
আরও পড়ুন: জোরপূর্বক সিল দিতে বাধাদান, গুলিতে প্রার্থীর ভাইয়ের মৃত্যু
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী ব্রিজের ওই জায়গায় আগে থেকেই ফুটো ছিল। এতদিন ফুটোর ওপর পাত দিয়ে যানবাহন চলাচল করছিল। ওই
সেতু দিয়ে কেবল টঙ্গী থেকে ঢাকামুখী গাড়ি চলে। ঢাকা থেকে টঙ্গীর দিকে আসা যানবাহনগুলো আরেকটি সেতু দিয়ে পার হচ্ছে।
একাত্তর/আরএইচ