পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার পর হামলার শিকার হয়েছেন নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী ও সদ্য সাবেক হওয়া চরকাজল ইউপির চেয়ারম্যান মো. রুবেল মোল্লা ও তার অনুসারী কর্মী-সমর্থকরা। রুবেল মোল্লার অভিযোগ, নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হাবিব মোল্লা ও আরেক বিদ্রোহী প্রার্থী শাহীন গাজির লোকজন বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও কর্মী-সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে এলাকা ছাড়া করেছে।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রুবেল মোল্লা অভিযোগ করে জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রায় দেড়শ’ লোক জোটবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্রসহ মহড়া ও শ্লোগান দেয়। তাৎক্ষনিকভাবে বিষয়টি জেলা পুলিশ সুপার, গলাচিপা থানার ওসি, স্থানীয় ফাঁড়ির পুলিশকে অবহিত করা হয়। আধা ঘণ্টা পর পুলিশ এলে হামলাকারীরা চলে যায়। ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সবাই অক্ষত থাকলেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
তিনি আরও জানান, এর আগে একই গ্রুপ সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় নির্বাচনে নৌকার সমর্থন করায় হাজিরহাট বাজারে চার সমর্থক, ইউপি সদস্য ভূট্টো বেপারী, সাহেব আলী, তোতা মিয়া ও হারুনকে মারধর করে। পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল কাজী ও ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের দোকানে তালা মারার পাশাপাশি তাদের এলাকা ছাড়া করা হয়েছে। নৌকার কর্মী সমর্থকরা এখানে আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য চরকাজলের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিব মোল্লা ও তার ছেলে গলাচিপা উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম মোল্লার মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি, তার ফোন ধরেননি।
আরও পড়ুন: নিয়ম সংশোধন, ১৫ দিন সেবা বন্ধ থাকলে দিতে হবে না ইন্টারনেট বিল
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল ঘুরে এসেছি। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল, এখন শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিচ্ছি।
একাত্তর/এসি