বগুড়ার শিবগঞ্জে উপজেলার মোকামতলায় তেল ও গ্যাসের দুইটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাত একটায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সোনাতলা রোডে অবস্থিত মেসার্স ফ্রেন্ডস্ ট্রেডার্স ও অতুল সাহা এন্ড সন্স নামক বড় দুইটি জ্বালানি তেল ও গ্যাসের দোকানে অগ্নিসংযোগ ঘটে। মুহুর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।
এসময় পাশের মোটর পার্টসের দোকান মানিক অটোজেও আগুন লেগে ৮টি মোটরসাইকেলসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: মোংলায় বাল্কহেড ডুবিতে দুই লাশ উদ্ধার, নিঁখোজ এখনও তিন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম শম্পা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
একাত্তর/আরএইচ