গুলিতে কুমিল্লা সিটির প্যানেল মেয়রসহ নিহত দুই

কুমিল্লা নগরের পাথুরিয়া পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার্ধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল সোয়া চারটায় এ ঘটনা ঘটে। 

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু বলেন, রাত পৌনে ৯টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান। তাদের দুজনকে কুমেকের মর্গে নেয়া হয়েছে। 

হরিপদ সাহার ভাই তপন সাহা বলেন, দাদা আর নেই। দাদাকে মর্গে নেয়া হয়েছে।

কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ জানান, বিকেলে সোয়া ৪টায় নগরের ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়া থ্রি ষ্টার এন্টার প্রাইজ নামের দোকানের ভেতরে থাকা কাউন্সিলর সোহেলকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। বাইর থেকে দুটি মোটর সাইকেল করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।

এসময় কাউন্সিলর সোহেল, শ্রমিক লীগ নেতা হরিপদসহ আরো ২জন গুরুত্বর আহত হন। গুলির শব্দে স্থানীয়রা এসে গুরুত্বর আহত কাউন্সিলরসহ ২ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়।

আরও পড়ুন: দলীয় কার্যালয়ে অবরুদ্ধ খায়রুল কবীর খোকন

এর আগে সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সোহেল কুমেকে অপারেশন থিয়েটারে থাকলেও নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে নগর জুড়ে। এ ঘটনায় নগরের ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর পাথুরিয়া পাড়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উওেত্তজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই ওয়ার্ডে পুলিশ মোতায়েন করা হয়।

সন্ধ্যা পৌন ৭টায় ১৭ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের নেতৃবৃন্দরা এলাকাবাসীকে শান্ত রাখার জন্য বক্তব্য রাখেন। 

সন্ত্রাসীদের গুলিতে নিহত সৈয়দ মো. সোহেল কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ নং প্যানেল মেয়র ছিলেন। একই সঙ্গে মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মহানগর যুবলীগের যুগ্ন আহবায়কের দয়িত্ব পালন করছিলেন। 

নিহত অপর জন ওই ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হরিপদ সাহা । তিনি ১৭ নম্বর ওয়ার্ড সাহাপাড়ার রমনী মোহন সাহার ছেলে।

কুমিল্লা কোতয়ালী থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আশংকা করছি। সন্ত্রাসীদের দ্রুত আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/আরএইচ