গাজীপুর সিটি কর্পোরেশনের দেশীপাড়া এলাকায় মা-মেয়ে হত্যার ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যক্তিগত ও আর্থিক লেনদেনের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এসব তথ্য জানিয়ে জিএমপির উপ কমিশনার জাকির হাসান বলেন, গেল বুধবার রাতে দেশীপাড়ার একটি নির্জন এলাকায় স্থানীয় নরুন এলাকার বাসিন্দা ফেরদৌসী ও তার মেয়েকে গলা কেটে হত্যা করা হয়।
এ ব্যাপারে পরের দিন নিহত ফেরদৌসীর ভাই ইজ্জত আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্বজনদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত জাহিদুল ইসলাম খান ও মহিউদ্দিন ওরফে বাবুকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: যুবকের বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ গেল পথচারীর
গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের বরাতে উপ কমিশনার আরও জানান, ইনস্যুরেন্স কোম্পানির আর্থিক লেনদেন নিয়ে জাহিদের সঙ্গে ফেরদৌসীর বিরোধ ছিল। এছাড়া সম্প্রতি বাবুর সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এজন্য বাবু ফেরদৌসীকে দায়ী করেন। এসব কারণে বাবু ও জাহিদ ফেরদৌসীকে হত্যার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী ইনস্যুরেন্সের কথা বলে ফেরদৌসীকে দেশী পাড়ায় ডেকে নেন জাহিদ। ফেরদৌসী ও তার মেয়ে ঘটনাস্থলে পৌঁছলে হত্যাকারীরা তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত জাহিদ ও মহিউদ্দিন ওরফে বাবু কালীগঞ্জ উপজেলার সালদিয়া গ্রামের বাসিন্দা।
একাত্তর/এসজে