লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র এলাকায় সহিংসতায় সাজ্জাদ হোসেন সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে অ্যাম্বুলেন্সে মারা যান সাজ্জাদ।
নিহত সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি। রোববার তিনি নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তের পর তাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু ওই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের রামগঞ্জ ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন খাঁনের (আনারস) লোকজনের সঙ্গে নৌকার প্রার্থীর কর্মীদের সংঘর্ষ ঘটে। এসময় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুর রহমান সজিব গুরুত্বর আহত হয়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে চাঁদপুরে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্র্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় রোববার সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ।
নিহত সাজ্জাদের এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মঞ্জু বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সাজ্জাদ মারা গেছেন। আমরা কোনোভাবে প্রাণে বেঁচে এসেছি।
নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাঞ্জুর এলাহি বলেন, কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। বাইরে কি হয়েছে তা আমার জানা নেই।
একাত্তর/এসএ