কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী ওই ওয়ার্ডের শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা হত্যাকাণ্ডের ছয় হামলাকারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৯ নভেম্বর) হামলাকারীদের শনাক্ত করে কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত আসামি মো. রাব্বি ইসলাম অন্তু।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, গ্রেপ্তার হওয়া নগরের সংরাইশ এলাকার বাদল মিয়ার ছেলে মো. রাব্বি ইসলাম অন্তু আদালতে জবানবন্দি দিয়েছে। সে আদালতকে জানিয়েছে, সে কাউন্সিলর হত্যার হিট স্কোয়াডের সদস্যদের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে দিয়েছিলো।
আরও পড়ুন: কাউন্সিলর সোহেল হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার
আসামিদের জিজ্ঞাসাবাদে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় হিট স্কোয়াডের ছয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। কাউন্সিলর সৈয়দ সোহেল কিলিং মিশনে অংশগ্রহণকারী সদস্যরা হল- শাহ আলম, সাজেন, সাব্বির, জেল, সাহেল, নাজিম এবং ফেনী থেকে আগত একজন অজ্ঞাত ব্যক্তি।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় যে, আসামিরা ঘটনার আগের রাতে সাজেনের বাসায় বৈঠক করে এবং ঘটনার দিন বিকেল চারটায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে সৈয়দ সোহেল কাউন্সিলরের অফিসের দিকে রওনা দেয়। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযান চলছে বলেও জানান তিনি।
একাত্তর/এসজে