স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন

শেরপুরের ঝিনাইগাতীর অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলার রায়ে ধর্ষক শফিকুল ইসলামের যাবজ্জীবন এবং সহযোগী ছানা মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদা‌লত। 

বুধবার (১ ডি‌সেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আক্তারুজ্জামান সাজার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম ঝিনাইগাতীর কালিনগর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ছানা মিয়া হাসলিগাঁও গ্রামের সেকান্দর বাদশাহর ছেলে।

আরও পড়ুন: ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, পলাতক মেডিক্যাল কর্মকর্তা

মামলা সূ‌ত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ মে সন্ধ্যায় চাচার বাড়ী থেকে নিজবাড়ীতে ফেরার পথে ঝিনাইগাতীর পাইকুড়া গ্রামের ওই স্কুল ছাত্রীকে সাজাপ্রাপ্তরা জোরপূর্বক রাস্তা থেকে অপহরণ করে সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যায়।

পরে শফিকুল তাকে বিভিন্নস্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। বাবার দায়ের করা মামলায় পুলিশ দুইমাস পর ভূক্তভোগীকে উদ্ধার করে ও আসামীদের গ্রেপ্তার করে আদালতে চার্জশিট দাখিল করে।।

বিচারিক পর্যায়ে ১১সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ সাজার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারিক।

শেরপুর নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


একাত্তর/টিএ