দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশের বাইরে যেতে পারেন না: হানিফ

খালেদার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, খালেদার চিকিৎসা তাদের উদ্দেশ্য নয়, বরং রাস্তায় দাঁড়িয়ে জনগণের করুনা নিয়ে সরকারের বিরুদ্ধে জনতাকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়াদা লুটতে চায়।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গকন্যা শেখ হাসিনার মহানুভবতায় দেশে খালেদা জিয়ার চিকিৎসার কোন ধরনের ঘাটতি নেই। দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশের বাইরে যেতে পারেন না। পৃথিবীর কোন দেশের আইনও তা অনুমোদন করে না। তাছাড়া কোনো চিকিৎসকও বলেনি তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দিতে হবে।

আরও পড়ুন: ঢামেকে ছাত্রলীগ নেতা সজিব হত্যার প্রধান আসামির মৃত্যু

বিএনপিও কোন আবেদন করেনি উল্লেখ করে তিনি বলেন, দণ্ড স্থগিত করে কোনো কয়েদিকে দেশের বাইরে পাঠানোর সুযোগ নেই। একমাত্র রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিলেও দিতে পারেন বলে মন্তব্য করেন আওয়ামীলীগ নেতা হানিফ।

ডা. মুরাদ হাসান ইস্যুত মাহবুব উল আলম হানিফ বলেন,  সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে জামালপুর জেলা আওয়ামীলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার ব্যাপারে আওয়ামী লীগের স্থায়ী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


একাত্তর/টিএ