পাবনায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। 

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি চারাবটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে তাদের সেখানে পাঠানো হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খান ও নৌকা প্রতীকের আবু সাঈদ খানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝামেলা চলে আসছিলো। 

আরও পড়ুন: গরুকাণ্ডের পর এবার কক্সবাজার বিমানবন্দরে লিফটে আটকা যাত্রীরা

পুলিশ জানায়, শনিবার দুই গ্রুপের মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা ও ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এই গুলাগুলির ঘটনা হয়েছে। ঘটনার সময় স্থানীয় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে