নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০১৯ সালের ১৫ এপ্রিল কৈমারী ইউনিয়নের যদুনাথপুর পাড়ার লাল মিয়া মনিশা দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া লাগানো দুই শিশু লামিশা ও লাবিবা। সন্তান নিয়ে যেখানে আনন্দে দিন কাটানোর কথা সেখানে মা-বাবার চোখে মুখে হতাশার ছাপ। শুরু হয় দুই শিশুকে নিয়ে মা-বাবার নিয়ে হাসপাতালে ছোটাছুটি। অবশেষে প্রায় ২ বছর পর আলোচিত জোড়া শিশু লাবিবা ও লামিশার অপারেশন করা হবে সোমবার (১৩ ডিসেম্বর)। দশ থেকে এগারো ঘণ্টা লাগতে পারে এই অপারেশনে।
ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত ৩৫ চিকিৎসকের একটি দল এ অপারেশনে অংশ নেবেন।
রোববার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে জোড়া শিশুর অস্ত্রোপচার বিষয়ে জানানো হয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকাল ৮ টায় অপারেশন শুরু হবে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ অপারেশনের সকল খরচ বহন করবেন বলে জানান ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আশরাফুল হক কাজল।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, জন্মের পর থেকে বাচ্চাদের নিয়ে ওদের বাবা-মা মেডিকেলে মেডিকেলে ঘুরছে। এবার যেন ভাল ভাবে ফিরে আসে এই প্রত্যাশা এবং সফল অপারেশনের স্বপ্ন দেখছেন সবাই।
অস্ত্রোপচার শেষে বিকেল চারটায় ঢাকা মেডিকেলের কনফারেন্স রুমে দুই শিশুর পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিকিৎসকদল।
একাত্তর/এআর