বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডের সেন্ট্রাল অক্সিজেনের লাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই ঘটনায় রমনী দাস (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ওয়ার্ডে থাকা অন্য রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার জানান, রাত সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল অক্সিজেন লাইনে আগুন ধরে। এসময় রোগী ও স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। তবে নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্মীরা।
আরও পড়ুন: তিন জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু
তাৎক্ষণিকভাবে একই ওয়ার্ডের পাশের পোস্ট সিসিইউতে রোগীদের সরিয়ে নিয়ে এখন সেবা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে গৌরনদীর উপজেলার সরিকল থেকে আসা ৬০ বছরের বৃদ্ধ রমনী দাস ঐ ঘটনায় রাত সোয়া ১১ টার দিকে মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই রোগীর অবস্থা আগে থেকেই মুমূর্ষু ছিলো।
এবিষয়ে হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম বলেন, আতঙ্কে ছোটাছুটি সময় এক রোগীর মৃত্যু হয়েছে। তবে অগ্নিকাণ্ডে নয়, তিনি এমনিতেই বেশ অসুস্থ ছিলেন।
একাত্তর/টিএ