সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের একটি চিংড়ি ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের ছেলে।
নিহতের ভাই বাবলু সরদার জানান, সাংসারিক বিরোধের কারণে ডাবলুর স্ত্রী তিন বছরের একমাত্র পুত্র সন্তানকে রেখে এক মাস আগে বাপের বাড়ি কোলা গ্রামে চলে যায়। পরে ডাবলুকে তালাক দেওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
বুধবার রাতে শ্রীউলা মাঝেরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল শুনতে গিয়ে রাতে বাড়ি ফেরেনি ডাবলু। সকালে স্থানীয় রাসেদের ঘেরে ডাবলুর লাশ দেখতে পেয়ে তাদেরকে ও পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ।
আরও পড়ুন: উখিয়া থেকে নোয়াখালী থেকে এসে আটক দুই রোহিঙ্গা
ডাবলুর দু'চোখ, কপাল গলা, বাম পায়ের হাঁটুর নীচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে।