কক্সবাজারে মা'সহ দুই শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ের ইসলামপুরে দুই শিশু ও মাসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজের বাড়ি থেকে বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গৃহবধূর দেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। দুই সন্তানের নিথর দেহ ছিল বিছানায়। ধারণা করা হচ্ছে, সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন মা।

আরও পড়ুন: চীনে মিললো সাড়ে ছয় কোটি বছর পুরনো ডায়নোসর ভ্রূণ

নিহতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লবন ব্যবসায়ী শহিদুল হকের স্ত্রী জাহানার জিসান ও তার দুই মেয়ে জাবিন (৫) ও জেরিন (২)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ক্রাইমসিন টিমও রওনা হয়েছে। ময়না তদন্ত ও অনুসন্ধান শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


একাত্তর/টিএ