চাকরি জাতীয়করণ চায় গ্রাম পুলিশ

দেশের ৪৬ হাজার ৮৭০ জন সদস্য পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে জানিয়ে চাকরি জাতীয়করণ দাবি জানিয়েছে নীলফামারী জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। 

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ওই স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। 

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী প্রজাতন্ত্রের স্বীকৃত কর্মচারী। বর্তমান বিশ্বের সঙ্গে বাংলাদেশ তাল মিলিয়ে চললেও এই বাহিনীর সদস্যদের জীবনমান আজো উন্নয়ন হয়নি। গ্রাম পুলিশের একজন দফাদারের বেতন সাত হাজার টাকা এবং একজন মহল্লাদারের বেতন ছয় হাজার ৫০০ টাকা। ওই বেতনের অর্ধেক অংশ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্ধেক অংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের আয় থেকে দেওয়া হয়। সরকারি অংশ নিয়মিত পাওয়া গেলেও বেশিরভাগ ইউনিয়ন পরিষদ ওই অর্ধেক অংশ বেতন নিয়মিত পরিশোধে ব্যর্থ হয়।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

সংগঠনটির সভাপতি আজিজুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় স্ব-উদ্যোগে ১৯৭৫ সালে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে চাকরি জাতীয় করণের আদেশ দিয়েছিলেন। জাতির পিতার ওই আদেশের পরিপ্রেক্ষিতে পরে ১৯৭৬ সালের ১৭ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ পরিপত্র আকারে দেশের প্রতিটি জেলায় প্রেরণ করা হয়। দীর্ঘ ৪৬ বছর অতিবাহিত হলেও জাতির পিতার সেই আদেশ এবং স্থানীয় সরকার বিভাগের পরিপত্র আজও বাস্তবায়ন হয়নি। 

আরও পড়ুন: হালনাগাদ হচ্ছে সুরক্ষা অ্যাপ, বুস্টার ডোজের ম্যাসেজ শিগগিরই

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান দাবি জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ওই আদেশ দ্রুত বাস্তবায়ন হলে গ্রাম পুলিশ বাহিনীর এসব পরিবারের দুঃখ-দুর্দশা কাটবে।


একাত্তর/এসি