নেত্রকোণার কলমাকান্দার কৈলাটির স্থানীয় মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে নাঈম মিয়া নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের আশরাফ উলুম কওমি মাদ্রাসার পুকুরে ঘটনাটি ঘটে।
নিহত নাঈম মিয়া ওই গ্রামের খোরশেদ আলম তালুকদার ও খুকুমণি বেগম দম্পতির ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই সাংসারিক কাজে মা খুকুমণি বেগম ব্যস্ত ছিলেন। এর কোন ফাঁকে পরিবার সদস্যদের অজান্তে নিজ বাড়ির বসত ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় নাঈম।
আরও পড়ুন: নওগাঁয় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বাড়ি থেকে প্রায় ২০০ ফিট দূরে স্থানীয় মাদ্রাসার পুকুরে দুপুরের দিকে শিশুটির চাচা বজলু মিয়া জাল দিয়ে শিশু নাঈমের মরদেহ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার মো. আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই শিশুটি মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
একাত্তর/টিএ