ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শেরেবাংলা মেডিক্যালে পৌনে একটায় এক শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে, লঞ্চের ভেতর থেকে ফায়ার সার্ভিস ৩০ জনের এবং নদী থেকে কোস্টগার্ড ১০ জনের মৃতদেহ উদ্ধার করে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা বরিশাল ফায়ার নার্ভিসের উপ-পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এখনও উদ্ধার কাজ চলছে। এখানে মোট ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
ঘটনাস্থল থেকে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, এখন পর্যন্ত ৬৬ জন আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধ ৬৬ জনের মধ্যে ৪৫ জনের অবস্থা গুরুতর। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় এলে ইঞ্জিন কক্ষ থেকে আগুন লাগে।
পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঝালকাঠিতে লঞ্চে আগুন, ১৬ জনের মরদেহ উদ্ধার
দুর্ঘটনায় দগ্ধ হন প্রায় ১০০জনের মতো যাত্রী। ইতিমধ্যে শেরেবাংলা মেডিক্যালে ৭০ জন রোগি ভর্তি করা হয়েছে। তিন শিশুকে ঢাকায় রেফার করা হয়েছে ও এক শিশুর জীবন শঙ্কায় বলে জানিয়েছেন হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান।
লঞ্চটির যাত্রী মো.মোহসীন বলেন, ‘রাতে হঠাৎ নিচ থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আমি তিনতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যাই।’
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল কাইয়ুম বলেন, ‘আমি দোতলায় ঘুমিয়ে ছিলাম। আগুনের তাপে ঘুম ভেঙ্গে দেখি পুরা লঞ্চটিতে আগুন ধরে গেছে। তখন লাফ দিয়ে নদীতে ঝাঁপ দেই।’
লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন।
একাত্তর/টিএ