নিখোঁজের ছয়দিন পর মিললো অটোচালকের অর্ধগলিত মরদেহ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গভীর গজারি বনের মধ্য থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার মুখে স্কচটেপ ও হাত-পা রশিতে বাঁধা ছিল।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ মরদেহ উদ্ধার করে। নিখোঁজ মোঃ শামীম হোসেন (৩০) একই ইউনিয়নের বারতোপা গ্রামের ছামান মিয়ার ছেলে। তিনি গত ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

শামীম অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। তার পরিবারে স্ত্রী, সোনিয়া আক্তার নামে ১০ বছর বয়সী একজন কন্যা সন্তান ও ইমরান হোসেন নামের ৮ বছর বয়সী এক ছেলে সন্তান আছে। নিহতের বড় ভাই আমিনুল ইসলাম জানান, গত সোমবার (২০ ডিসেম্বর) সকালে শামীম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শামীম। পরে সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু হয়। তবে এরপর তার আর কোনো সন্ধান মেলেনি। পরদিন মঙ্গলবার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এরপর রোববার দুপুরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মাওনা-কলিয়াকৈর সড়কের হাসিখালি ব্রিজ সংলগ্ন সিমলাপাড়া বিটের সংরক্ষিত গভীর গজারী বনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে তারা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মল্লিক বলেন, নিহতের হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় ছিল। মরদেহে পচন ধরেছে। আমরা আশপাশে কোথাও তার অটোরিকশাটি পাইনি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।


একাত্তর/এআর