খালেদা জিয়াকে বিষ খাওয়ানোর অভিযোগ রিজভীর

খালেদা জিয়ার খাবারে বিষ মিশিয়ে তাকে অসুস্থ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশ পাঠানোর দাবিতে মুন্সীগঞ্জের মুক্তারপুর কদম রসুল কোল্ড ষ্টোরেজের পাশে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডাকা জেলা বিএনপি সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুগ্ম মহাসচিব বলেন, ‘তিন বছর ধরে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে এ সরকার। বেগম জিয়াকে যখন জেলহাজতে পাঠানো হয়, তিনি সুস্থ ছিলেন। পায়ে হেঁটে গিয়েছিলেন। জামিনে বের হয়েছেন হুইলচেয়ারে করে। বেগম জিয়াকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার জন্য তার খাদ্যে বিষক্রিয়া করা হতে পারে।’

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে নিয়ে ভয়ংকর নীলনকশা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে চান। ক্ষমতায় থাকতে খালেদা জিয়াকে একমাত্র পথের কাঁটা মনে করছেন তিনি। এ জন্য খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে পৃথিবী থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: নোয়াখালীতে দুর্লভ প্রজাতির শকুন অবমুক্ত

এসময় নির্বাচন কমিশনার গঠন নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রুহুল কবির রিজভী বলেন, অবৈধ পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাখেন না।

সমাবেশে সভাপতিত্ব করেন দলটির জেলা আহ্বায়ক আবদুল হাই। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন দলটির যুগ্মসচিব হাবিবুন্নবী সোহেলসহ জাতীয় নেতৃবৃন্দ।

বক্তারা খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করেন এবং মুন্সীগঞ্জ থেকে বর্তমান সরকার পতনের ডাক দেওয়া হবে বলেও এসময় উল্লেখ করেন।


একাত্তর/টিএ