ইজিবাইককে ২০০ ফুট ঠেলে নিলো বাস, দুই মৃত্যু, বাসে আগুন

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদরের খাকদি বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- ইজিবাইকের যাত্রী সুমন শেখ (৪০) ও এর চালক সাজ্জাদ হোসেন। সুমন মোস্তফাপুরের বেবরাজ গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে। সাজ্জাদের বাড়িও একই এলাকায়।


পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে প্রায় দুইশ’ ফুট দূরে নিয়ে যায়। এসময় যাত্রী সুমন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত চালক সাজ্জাদকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।