ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা, ৫২টি পয়েন্টে পুলিশ

একই জায়গায় বিএনপি ও ছাত্রলীগের সমাবেশের ডাক দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ১৪৪ ধারার আওতায় সকাল থেকেই সমাবেশস্থলসহ শহরের ৫২টি পয়েন্টে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সমাবেশস্থলসহ পুরো পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বন্ধ রয়েছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সভা, সমাবশে ও গণজমায়েত। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সমাবেশের ডাক দেয়।

আরও পড়ুন: কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে ছাত্রলীগও একই স্থানে ও একই সময়ে পাল্টা কর্মসূচী ঘোষনা করে। এছাড়াও শুক্রবার দুপুরে সমাবেশকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ তিন নেতা জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। 

এ নিয়ে সকাল থেকেই শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আজকের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদসহ কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত থাকার কথা ছিলো। 


একাত্তর/আরবিএস