যশোরে তৃতীয় লিঙ্গের লাভলীকে গলা কেটে হত্যা

যশোরে লাভলী (৩৫) নামের এক তৃতীয় লিঙ্গকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে যশোর সদর উপজেলার ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত লাভলী যশোর শহরতলীর ধর্মতলা এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার সকালে লাভলী, নাজমা ও সেলিনা নামে তিন তৃতীয় লিঙ্গ যশোর শহরতলীর ধর্মতলার বাসা থেকে বের হয়ে ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে দিকে যাচ্ছিলো। পথেই যশোর সদরের হালসা ব্রিজের কাছে কিছু দুর্বৃত্ত তাদের ইজিবাইক থামিয়ে দেয়। 

এরপর নাজমা ও সেলিনাকে ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে লাভলীর মাথায় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করে। গুলি বের না হলে ছুরি দিয়ে গলায় ও মুখে আঘাত করে চলে যায়। এরপর নাজমা ও সেলিনা তাকে উদ্ধার করে ধর্মতলায় নিয়ে আসে এবং স্বজনদের নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ডিবি’র ওসি রুপন কুমার সরকার জানান, হত্যার কারণ উদঘাটনে কোতোয়ালী থানা ও ডিবি পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। এছাড়া নিহত লাভলীর দুই সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

একাত্তর/ এনএ