শেরপুর জেলা সদর হাসপাতালে আগুন

শেরপুর জেলা সদর হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। তবে হাসপাতালের পাশেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় থাকায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালের দুই শতাধিক রোগী ও স্টাফ। 

বুধবার (১২ জানুয়ারি) সকা‌লে হাসপাতালের দ্বিতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতালের সামনে অবস্থিত ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। এদিকে আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীদের অনেকেই আতঙ্কে নিচে নেমে আসেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক ব‌লেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হ‌চ্ছে, হাসপাতালের দ্বিতীয় তলায় ময়লা-আবর্জনার স্তুপে কেউ সিগারেট ফেলেছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন বিদ্যুতের তার পর্যন্ত ছড়িয়ে গেলে বড় বিপদ হতে পারতো।

আরও পড়ুন: কিডনি ব্যবসা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম আনোয়ারুর রউফ ব‌লেন, হাসপাতালের ময়লা-আর্বজনা একটি বড়ো পাইপের সাহায্যে নিচে ফেলা হয়ে থাকে। ওই পাইপের সঙ্গে প্রত্যেক তলায় সংযোগ রয়েছে। দ্বিতীয় তলার ওই সংযোগ পাইপের পাশে ময়লাগুলো নিচে ফেলার জন্য জমিয়ে রাখা হয়েছিল। হয়তো কেউ জ্বলন্ত সিগারেটের টুকরা সেখানে ফেলায় ময়লার কাগজে আগুন ধরে যায়। এটি বড় কোনো আগুন না হলেও সাবধানতার জন্যই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল।


একাত্তর/এসি