জামাই-শ্বশুরের প্রতিযোগিতা হয় যে মেলায়

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল এলাকার প্রায় আড়াইশ বছরের পুরোনো মাছের মেলাটি এ অঞ্চলের মানুষের কাছে শীতকালীন সবচেয়ে বড়ো উৎসব। মেলাটি ‘জামাই মেলা’ নামেও পরিচিত। কথিত আছে, আশপাশের গ্রামের জামাইরা সাধ্য অনুযায়ী এ মেলা থেকে সবচেয়ে বড়ো মাছটি কিনে শ্বশুরবাড়ি নিয়ে যায়। তবে বসে থাকনে না শ্বশুর মশাইও। প্রতিযোগিতা চলে, কে কার চেয়ে বড়ো মাছটি কিনবেন। প্রতিবছর মেলাটিতে দূর দূরান্তের মাছ ব্যবসায়ীরা যেমন আসেন, তেমনি ছুটে আসেন ক্রেতারাও।

পৌষ-সংক্রান্তি উপলক্ষে এ মেলায় প্রতিবছর এলাকাজুড়ে মানুষের ঢল নামে।  

সরেজমিন, মেলায় বিরাট এলাকাজুড়ে মাছের পসরা সাজিয়ে বিক্রেতাদের বসে থাকতে দেখা গেছে। তারা বিভিন্ন অঙ্গভঙ্গিসহ নানাভাবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। কেউ কেউ বড়ো আকৃতির মাছ ওপরে তুলে ধরে ক্রেতাদের ডাকছেন।


আয়োজকরা জানান, প্রতিবছর উপজেলার বিভিন্ন প্রান্তসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অনেকেই এই মেলায় আসেন। প্রতি বছর অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ মেলা। তখন আয়োজন করা হয় নবান্ন উৎসবেরও। এবারের মেলায় প্রায় পাঁচ শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি মাছ নিয়ে এসেছেন। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি,  বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যেরও আমদানি হয়। মেলায় সামুদ্রিক চিতল, বাগআইড়, আইড়, বোয়াল, কালবাউশ, পাবদা, গলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও। মেলা নিয়ে মানুষের আগ্রহের কারণে পরিধিও বেড়েছে।

আরও পড়ুন: ছদ্মবেশী সেই বাউল পুলিশে সোপর্দের পর জেলহাজাতে

বিনিরাইলের মাছ মেলার আয়োজক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কিশোর আকন্দ জানান, ব্রিটিশ শাসনামল থেকে শুরু হওয়া বিনিরাইলের মাছের মেলা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। এ মেলা কালীগঞ্জের সবচেয়ে বড় মাছের মেলা হিসেবে স্বীকৃত।


একাত্তর/এসি