নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে পরাজিত প্রার্থী হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১০ জন আহত হয়েছে।
হামলার সময় ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়ি ও দোকানপাট। এদিকে, ঘটনাস্থল থেকে ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সোনাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচনে পরাজয়ের জের ধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী বিজয়ী কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদের বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগী নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন অভিযোগ করে বলেন, তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
এলাকায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কামাল উদ্দিন নির্বাচনে তার বিপক্ষে রিয়াজুর রহমান মিঠুকে দাঁড় করিয়ে দেন।
মিঠুকে এক হাজার ৮০০ ভোটে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন ফখরুল। রাত আটটার দিকে এলাকাবাসী ফুলের মালা দিতে ফখরুলের বাড়িতে আসে।
আরও পড়ুন: কাউন্সিলর পদে নুর হোসেনের ভাই ভাতিজা নির্বাচিত
ওই সময় পরাজিত প্রার্থীর সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে একটি পিকআপ, সাউন্ড বক্স এবং দুটি দোকানে ভাঙচুর চালায়।
এ হামলায় ফখরুলের ভাইসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ